সারওয়ার হোসেইন : গত ২ মে, বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে লেবার অধ্যুষিত এলাকা থেকে লেবার পার্টি এবং কনজার্ভেটিভ পার্টির প্রার্থীদের হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ১৯ বছর বয়স্ক ইসমাইল উদ্দিন ইতিহাস সৃষ্টি করে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে ব্রাডফোর্ড-৩,৪ বওলিং – বারকান্ড এলাকায় ইসমাইল উদ্দিন ১৫৫১ টি ভোট পেয়ে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি মনোনীত হাসানুজ্জামান খান ভোট পেয়েছেন ১৩৩২, গ্রীন পার্টি মনোনীত আন্ডি রিচার্ড ২৮২, কনজারভেটিভ মনোনীত জামাল আলি ২৫৯, লিবারেল ডেমোক্রেট মনোনীত হাওয়ার্ড মিডিলটন ২২৮, ইয়র্কশায়ার পার্টি মনোনীত কেলি মাইকেল উড ভোট পেয়েছেন ২১৯।
ইসমাইল উদ্দীনের বাবা মোহাম্মদ জমির উদ্দিন ব্রাডফোর্ডের বাসিন্দা, এখানকার বাংলাদেশী কমিউনিটির সুপরিচিত মুখ। তিনি দেশে-বিদেশ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
বাংলাদেশে তাদের বাড়ী সিলেটের বিশ্বনাথ থানা সদরের কারিকোনা গ্রামে।
উল্লেখ্য, এবার পুরো বৃটেনের মধ্যে বয়সের দিক থেকে সম্ভবত ইসমাইল উদ্দীন দ্বিতীয় কনিষ্ঠ জনপ্রতিনিধি যিনি মাত্র ১৯ বছর বয়সে কাউন্সিলর নির্বাচিত হলেন। সর্বকনিষ্ঠ হলেন পিটারবারা থেকে নির্বাচিত ১৮ বছর বয়সী ডেইজি ব্লেইকমোর নামের এক তরুণী। তবে তিনি অবশ্য লেবারের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
জানা গেছে, লিডস ইউনিভার্সিটির পলিটিক্যাল সাইন্সে অধ্যায়নরত ইসমাইল উদ্দীন সাম্প্রতিক ফিলিস্তিন ইস্যুতে আন্দোলন করে স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
ইসমাইল উদ্দিনের চাচা কমিউনিটি লিডার মুজিবুর রহমান ও শামীম আহমদ এক সংক্ষিপ্ত বার্তায় উল্লেখ করেন, ইসমাইল উদ্দিন এর বিজয় বাংলা ভাষাভাষী অন্যান্য কমিউনিটির ইসলাম প্রিয় সকলের বিজয়। আমরা আশা করব কমিউনিটির সকল কল্যাণমূলক ও উন্নয়নমূলক কাজে আপনারা ইসমাইল উদ্দিনকে সর্বাবস্থায় পরামর্শ এবং সহযোগিতা প্রদান করবেন।
নবনির্বাচিত তরুণ কাউন্সিলর ইসমাইল উদ্দিন নির্বাচিত হওয়ার পর তার বক্তব্যে উল্লেখ করেন,জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি কমিউনিটির সর্বস্তরের মানুষ কে নিয়ে কাজ করতে আগ্রহী। তিনি যুবক ও তরুণদের নিয়ে ময়লা আবর্জনা মুক্ত একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে উক্ত এলাকাকে গড়তে চান। তিনি তরুণদের বিপথগামী থেকে ফিরিয়ে রাখার জন্য সময়োপযোগী ও যুগ উপযোগী বিভিন্ন ধরনের শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা করবেন। কমিউনিটির মানুষের কল্যাণ ও উন্নয়নমূলক কাজ করার জন্য তিনি সকলের নিকট দোয়া এবং সাহায্য প্রত্যাশী।
