মুক্তবাংলা || লন্ডন, ১৭ মে ২০২৫:
সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় অবদানের জন্য খ্যাত প্রবাসী বিশিষ্ট কবি ও গবেষক আলিফ উদ্দিন আর নেই। যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ শুক্রবার ভোর ৬টায় লন্ডনের ক্যাসল হিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
মরহুম আলিফ উদ্দিন ১৯৬৫ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কসবা গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেই সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তিনি সুপরিচিত হয়ে ওঠেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং প্রবাসেও সাহিত্য ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
তিনি একাধিক গ্রন্থের প্রণেতা। তাঁর উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে: মরমী কবি, আত্মকথা: আরফুল উল্লাহর জীবন ও কর্ম, প্রথম ভালোবাসার প্রথম উপহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিনগুলি, মনের মনি কৌঠায় মক্কা – কুয়েত, ধর্মের পথে শহীদ যাহারা, নজরুল কাব্যে ইসলাম, বিশ্বনবী মুহাম্মাদ (সাঃ), কুরআনের ছায়াতলে, জীবন যুদ্ধের স্মৃতি, লন্ডন বাংলার চিঠি, সোনার পালঙ্ক ইত্যাদি। তাঁর সাহিত্যকর্মে প্রবাসী জীবনের অভিজ্ঞতা, সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় চিন্তা-চেতনার প্রকাশ ছিল গভীর ও স্পষ্ট।
কবি আলিফ উদ্দিন যুক্তরাজ্যসহ বিশ্বের নানা দেশে সাহিত্যসভা ও সম্মেলনে যোগ দিয়েছেন এবং বহু আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—Writers Recognition of Esleem Award-2014, রেনেসা সাহিত্য পুরস্কার ২০০৮, এবং দারুল কোরআন একাডেমি সম্মাননা ২০০১।
সাহিত্যচর্চার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজা নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে, বিশিষ্ট প্রবাসী কবি, সাহিত্যিক ও সমাজসেবক আলিফ উদ্দিনের মৃত্যুতে মুক্তবাংলা চ্যানেল পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
মুক্তবাংলার চেয়ারম্যান জনাব সারওয়ার হোসেইন ও সম্পাদক জনাব এমদাদুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কবি আলিফ উদ্দিন ছিলেন প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির একজন নিরলস সাধক। সাহিত্যজগতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর রচিত গ্রন্থসমূহ ও কবিতায় যেমন ফুটে উঠেছে মানবতা, প্রেম ও প্রবাস জীবনের বাস্তবতা, তেমনি সমাজ ও ধর্মীয় মূল্যবোধের প্রতি তাঁর দায়বদ্ধতাও ছিল প্রশংসনীয়।
তাঁর এই অকালপ্রয়াণে বাংলা সাহিত্য ও সংস্কৃতি একটি উজ্জ্বল নক্ষত্রকে হারাল। মুক্তবাংলা চ্যানেল পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
