গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে নেতাকর্মী-জনসাধারণকে অংশগ্রহণের আহ্বান
সিলেট, ২০ জুলাই: গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই (শনিবার) বেলা ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, রাজশাহী থেকে শুরু হওয়া ধারাবাহিক বিভাগীয় সমাবেশের সমাপনী আয়োজন হবে সিলেটে। তিনি জানান, এ সমাবেশ থেকে ১১ দলীয় ঐক্যের জাতীয় নেতৃবৃন্দ পরবর্তী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত সমাবেশে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জনগণের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করেছে যে, মানুষ তাদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ। সিলেটের সমাবেশেও সিলেট বিভাগের চার জেলা ও মহানগরসহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চলমান থাকলেও সরকার জুলাইয়ের চেতনাকে উপেক্ষা করছে। একই সঙ্গে দেশে খুন, হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজি বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে এসব অপরাধ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা সংকট এবং ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণকাজের ধীরগতি। এসব সমস্যা দ্রুত সমাধানের দাবিও সমাবেশে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।
আসন্ন বিভাগীয় সমাবেশ সফল করতে ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সিলেট বিভাগের সর্বস্তরের জনগণের প্রতি উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ।
