বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে—এই প্রশ্নটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও ঐতিহাসিক আলোচনার বিষয়। তবে বাংলাদেশের বর্তমান সংবিধান ও সংশ্লিষ্ট সাংবিধানিক দলিলগুলো বিশ্লেষণ করলে বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায়।
সংবিধানের প্রাসঙ্গিক উল্লেখ
বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা (Preamble) এবং অনুচ্ছেদ ১৫০ অনুযায়ী সংযুক্ত ষষ্ঠ তফসিল (Sixth Schedule)-এ ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা সম্পর্কিত দলিল সংযোজিত রয়েছে। এই তফসিলে মূলত ১৯৭১ সালের ১০ এপ্রিল গৃহীত “স্বাধীনতার ঘোষণা পত্র” (Proclamation of Independence) অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কার্যকর ধরা হয়েছে ২৬ মার্চ ১৯৭১ থেকে।
এই ঘোষণাপত্রে বলা হয়েছে যে—
“Bangabandhu Sheikh Mujibur Rahman, leader of the majority party in the National Assembly of Pakistan, duly made a declaration of independence at Dacca on the 26th day of March, 1971…”
বাংলা অর্থ:
জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ ঢাকায় যথাযথভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
এই ঘোষণাপত্রে আরও বলা হয়েছে যে, বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ঘোষণা করে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র গঠনের ঘোষণা দেওয়া হয়।
উপরের সাংবিধানিক দলিল অনুযায়ী বাংলাদেশের সংবিধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেয়।
তবে ঐতিহাসিক বাস্তবতায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষক হিসেবে মেজর জিয়াউর রহমানের কন্ঠ শোনা গেলেও সংবিধানের দলিলে ঘোষক হিসেবে বঙ্গবন্ধুর নামই কিন্তু উল্লেখ আছে।
দেশ যেহেতু আবেগ দিয়া চলেনা, তাই বাংলাদেশের বর্তমান সংবিধানের ভাষ্য অনুযায়ী স্বাধীনতার ঘোষক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংবিধানের ষষ্ঠ তফসিলে সংযুক্ত স্বাধীনতার ঘোষণাপত্রে এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
রেফারেন্স
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, অনুচ্ছেদ ১৫০, ষষ্ঠ তফসিল (Proclamation of Independence, 10 April 1971)।
- Government of the People’s Republic of Bangladesh, The Constitution of the People’s Republic of Bangladesh.
