মুক্তবাংলা নিউজ ডেস্ক | ১৩ জুন ২০২৫
একটি নতুন জীবনের স্বপ্ন ছিল তাদের সামনে। দীর্ঘদিনের অপেক্ষা, সংগ্রাম আর প্রিয়জনদের কাছ থেকে বিদায় নিয়ে লন্ডনের পথে যাত্রা শুরু করেছিলেন ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রতীক জোশী ও তার পরিবার। কিন্তু সেই স্বপ্নের উড়ানই পরিণত হলো মর্মান্তিক মৃত্যুযাত্রায়।
গতকাল এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় প্রাণ হারান প্রতীক জোশী, তার স্ত্রী চিকিৎসক ডা. কোমি এবং তাদের তিন শিশুসন্তান। একটি পরিবারের পাঁচ সদস্যের সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।
স্বপ্নের শুরু ও নির্মম পরিণতি
প্রতীক জোশী গত ছয় বছর ধরে লন্ডনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন। বহুদিন ধরেই স্ত্রী-সন্তানদের লন্ডনে নিয়ে আসার স্বপ্ন দেখছিলেন। অবশেষে বহু কাঠখড় পুড়িয়ে সেই স্বপ্নপূরণের সুযোগ এসেছিল।
মাত্র দুই দিন আগে ডা. কোমি ভারতে থাকা চাকরি ছেড়ে দেন। পরিবারের সব সদস্য ব্যাগ গুছিয়ে প্রিয়জনদের বিদায় জানিয়ে লন্ডনের পথে রওনা দেন। বিমানে ওঠার আগে পরিবারের সদস্যরা একটি সেলফি তুলে আত্মীয়-স্বজনদের পাঠিয়েছিলেন। সে ছবিই এখন তাদের জীবনের শেষ স্মৃতি হয়ে রয়ে গেছে।
বিমান দুর্ঘটনা ও শোকের ছায়া
ফ্লাইট ১৭১ মাঝ আকাশে প্রবল যান্ত্রিক ত্রুটির শিকার হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুরো দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
এই করুণ দুর্ঘটনায় পরিবার-পরিজন, বন্ধুবান্ধব ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেছেন।
জীবনের অনিশ্চয়তার নির্মম বার্তা
এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিলো জীবনের চরম অনিশ্চয়তা। স্বপ্ন, সংগ্রাম, ভালোবাসা—সব কিছুই কত ভঙ্গুর হতে পারে তার বাস্তব উদাহরণ হয়ে থাকলো প্রতীক জোশীর পরিবারের করুণ পরিণতি।
