বার্মিংহামের এস্টোন এলাকার প্রবাসী এবং বালাগঞ্জ ওসমানী নগর গরীব কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি কাহের হুসেইন শাহিন গতকাল এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড ঝড়ের সময় একটি বিশাল গাছ তার গাড়ির উপর উপচে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এই দুর্ঘটনা বার্মিংহামের প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে।
কাহের হুসেইন শাহিনের গ্রামের বাড়ি সিলেটের ওসমানী নগরের সিকন্দরপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও নিজের এলাকার উন্নয়নে এবং গরিব-দুঃখীদের সহায়তায় সক্রিয় ভূমিকা পালন করছিলেন।
তার মৃত্যুতে গরিব কল্যাণ ট্রাস্টসহ বার্মিংহামের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। পরিবারের সদস্যরা এবং প্রবাসী কমিউনিটির নেতারা তাকে একজন সৎ, মানবিক এবং পরোপকারী ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন।
মরহুমের জানাজার সময় এবং স্থান পরবর্তীতে জানানো হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন।
