মুক্তবাংলা রিপোর্টঃ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রবাসীরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চেয়েছেন প্রবাসীরা। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মানবাধিকার ও কমিউনিটি সংগঠন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ এ আহ্বান জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের মিডিয়া ডাইরেক্টর কে এম আবু তাহের চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও যুক্তরাজ্য প্রবাসীরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তিনি উল্লেখ করেন, গত ৫ ডিসেম্বর সংগঠনের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় প্রবাসীদের ১৭ দফা দাবি তুলে ধরে তাদের সমস্যাগুলো সমাধানের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়।
দাবি ও সুপারিশমালা
প্রবাসী কমিউনিটির দাবিগুলোর মধ্যে রয়েছে:
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর।
বিদেশি ফ্লাইট চালুর উদ্যোগ।
প্রবাসীদের এনআইডি কার্ড দ্রুত প্রদান।
ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন।
লন্ডন-সিলেট রুটে বিমানের ভাড়া হ্রাস।
নো ভিসা ফি কমানো।
ব্রিটিশ পাসপোর্টকে আইডি হিসেবে গ্রহণ করা।
জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০২০ সালে যাত্রা শুরু করা এ সংগঠন বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে। প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণাভিত্তিক ১২টি সুপারিশ নিয়ে একটি বুকলেট প্রধান উপদেষ্টাকে প্রদান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মাহিদুর রহমান, ডিজি ও লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ আহমদ, এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. হোমায়ের চৌধুরী, মুক্তবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক সারওয়ার হোসেইন, গোল্ডেন ড্রীম ইউকে এর চেয়ার পারসন মিসেস কামরুন নাহার শোভা মতিন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, এবং সিনিয়র সাংবাদিক ফয়জুর রহমান।
সংগঠনের নেতৃবৃন্দ সরকারের প্রতি প্রবাসীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন।
