মুক্তবাংলা নিউজ ডেস্ক:
আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় পরাজয়ের পর ম্যাচ পরিচালনায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থা FIFA-এর কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে Egyptian Football Association (ইএফএ)।
ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচ শেষে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে মিশর শিবির।
ম্যাচ শেষে মিশরের প্রধান কোচ Hossam Hassan অভিযোগ করেন, আর্জেন্টিনা এবং Lionel Messiকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতেই তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। একই সঙ্গে মিশরের ফরোয়ার্ড Mostafa Ziko ম্যাচ পরিচালনাকারী রেফারিকে ‘জালিম’ বলে আখ্যায়িত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ইএফএর যোগাযোগবিষয়ক প্রধান Mohamed Morad জানান, আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারির বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে।
ইএফএর সভাপতি Hany Abo Rida ফিফার কাছে রেফারি François Letexier এবং তার সহকারীদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাদের দায়িত্ব না দেওয়ারও অনুরোধ করেছেন তিনি।
মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি, রেফারির একাধিক ভুল সিদ্ধান্ত ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের অভিযোগের মূল কেন্দ্র দুটি সিদ্ধান্ত। প্রথমত, ভিএআর পর্যালোচনার মাধ্যমে মিশরের একটি গোল বাতিল করা হয়। দ্বিতীয়ত, ফাউলের অভিযোগে মিশরের পেনাল্টির আবেদন থাকা সত্ত্বেও সেটি ভিএআরে পর্যালোচনা করা হয়নি।
ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন ফিফা অভিযোগটি গ্রহণ করে তদন্তের উদ্যোগ নেয় কি না, সেদিকেই নজর রয়েছে ফুটবলপ্রেমীদের।
