সিলেট অফিসঃ 4A’S FOUNDATION আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৫ জুলাই ২০২৫ ইংরেজি তারিখে সম্পন্ন হয়েছে খান স্পোর্টস সেন্টার, সুবিদবাজার, সিলেটে। জমজমাট এ প্রতিযোগিতার ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে আল আমিন এফসি জয়লাভ করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, “তরুণদের মাঝে খেলাধুলা ও শরীরচর্চা উন্নত সমাজ গঠনের একটি অন্যতম অনুষঙ্গ। এ ধরনের টুর্নামেন্ট তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব কাদির শাহী, সহ-সভাপতি, সিলেট মহানগর বিএনপি; আব্দুল ওয়াদুদ মিলন, সভাপতি ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, সিলেট মহানগর বিএনপি; এ এস এম সায়েম, সাধারণ সম্পাদক ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এ কে এম শাহজাহান, সহ-সভাপতি, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন 4A’S FOUNDATION-এর চেয়ারম্যান আব্দুল আউয়াল। তিনি অংশগ্রহণকারী সব দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের লক্ষ্য ছিল যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে গঠনমূলক পথে অনুপ্রাণিত করা। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
টুর্নামেন্টে অংশগ্রহণ করে পাঁচটি দল—টীম রুকন এফসি, আল আমিন এফসি, হামজা স্পোর্টিং, মোগলাবাজার এফসি ও শ্যাডো হানটার্স। ফাইনাল ম্যাচে আল আমিন এফসি ও হামজা স্পোর্টিং মুখোমুখি হয়। নির্ধারিত সময় শেষে গোলশূন্য থাকার পর ট্রাইব্রেকারে আল আমিন এফসি জয়লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে খেলা শেষে আয়োজক ও অতিথিদের সম্মিলিতভাবে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
