বিশ্বকাপে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের নাটকীয় জয়ের পর বিতর্ক এখন মাঠ ছাড়িয়ে পৌঁছে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম এবং ফিফার দোরগোড়ায়। ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়া। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ম্যাচ শেষ হওয়ার পর থেকেই লেতেক্সিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ক্ষুব্ধ সমর্থকদের ট্রল, আক্রমণাত্মক মন্তব্য এবং তীব্র সমালোচনায় প্রথমে তিনি কমেন্ট সেকশন সীমিত করলেও শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন।
ম্যাচের সবচেয়ে বড় বিতর্কের জন্ম হয় যোগ করা সময়ে। মিশরের দাবি, ডি-বক্সের ভেতরে তাদের একজন খেলোয়াড়কে ফাউল করা হলেও নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি। তবে রেফারি সেই আবেদন প্রত্যাখ্যান করেন। এর ঠিক পরের মুহূর্তেই প্রতি-আক্রমণ থেকে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল করেন এনজো ফার্নান্দেজ, যা ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।
এই বিতর্ক এখন আর কেবল সমর্থকদের ক্ষোভ বা সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় সীমাবদ্ধ নেই। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ফিফার কাছেও পৌঁছেছে। রেফারিংয়ে গুরুতর ভুলের অভিযোগ এনে ফরাসি রেফারি লেতেক্সিয়া এবং তার পুরো ম্যাচ অফিসিয়াল প্যানেলের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মিশরীয় ফুটবল ফেডারেশন।
মিশরীয় ফুটবল ফেডারেশনের দাবি, রেফারির পক্ষপাতদুষ্ট ও ভুল সিদ্ধান্তের কারণেই তারা অন্যায়ভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ফিফার প্রতি আহ্বান জানিয়েছে তারা।
এদিকে ম্যাচের রেফারিং নিয়ে ফুটবল অঙ্গনে তীব্র আলোচনা অব্যাহত রয়েছে। এখন ফিফা এই অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রাখছেন ফুটবলপ্রেমীরা।
