নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে BGM উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নর্থ ইংল্যান্ডে কর্মরত বাংলাদেশি টেলিভিশন সাংবাদিকদের সংগঠন North England Bangladeshi TV Reporters Association এর উদ্যোগে “BGM” উপলক্ষে এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রবাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, কমিউনিটির ঐক্য এবং নতুন প্রজন্মের কাছে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম জি কিবরিয়া। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও কলামিস্ট ফারুক যোশী। তিনি বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির সাফল্য, সমস্যা ও সম্ভাবনাগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার ডি এইচ শিবলী এবং উপদেষ্টা গনি আহমেদ চৌধুরী ও এম আহমেদ জুনেদ। বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিভিন্ন শহর থেকে আগত কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্য থেকে সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও আগামী দিনের করণীয় নিয়ে আলোচনায় অংশ নেন সহ-সভাপতি তাইবুর রহমান শ্যামল, সহকারী সাধারণ সম্পাদক সারওয়ার হোসেইন, সহকারী অফিস সম্পাদক আকমল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান লিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমেদ, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ জামাল হোসেন মিজান এবং কার্যনির্বাহী সদস্য নজিরুল ইসলাম খান।

আলোচনা সভায় নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে ঐক্য, পেশাদারিত্ব এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে NEBTRA-এর Biennial General Meeting (BGM) আগামী ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। সভাস্থল পরবর্তীতে পৃথকভাবে জানানো হবে। এছাড়া আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে সকল সদস্যকে সদস্যপদ নবায়ন ও বকেয়া ফি পরিশোধের আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, শুধুমাত্র পূর্ণাঙ্গভাবে সদস্য ফি পরিশোধকারী সদস্যরাই BGM-এ অংশগ্রহণের যোগ্য বিবেচিত হবেন।

সভায় নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তে সমঝোতার ভিত্তিতে সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে সংগঠনের উপদেষ্টা সদস্যবৃন্দ সমন্বয় করবেন বলে জানানো হয়।

এছাড়া সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শিপার মিয়া এর দ্রুত সুস্থতা কামনা করা হয়। তিনি সম্প্রতি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সম্পন্ন করেছেন। সদস্যরা তাঁর পূর্ণ সুস্থতা কামনায় দোয়া করেন।

সভায় সহকারী সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক এর পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একইসঙ্গে অফিস সম্পাদক আবুল হোসেন এর শাশুড়ির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

সভায় আরও জানানো হয় যে সংগঠনের কোষাধ্যক্ষ দিলওয়ার হোসেন শিবলী আগামী ১৫ মে বাংলাদেশ সফরে যাচ্ছেন। তাঁর নিরাপদ সফর ও সুস্থভাবে ফিরে আসার জন্য সদস্যরা শুভকামনা জানান।

অন্যান্য বিষয়ের মধ্যে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও কমিউনিটি সম্পৃক্ততা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি গত বছরের লিভারপুল সভার ধারাবাহিকতায় সদস্যদের জন্য মরক্কো ভ্রমণের একটি প্রস্তাব নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, BGM-এর পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে এবং আগ্রহী সদস্যদের আগ্রহ প্রকাশের আহ্বান জানানো হয়।

পরিশেষে উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *