মুক্তবাংলা রিপোর্টঃ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অকুতোভয় বীর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী গত ১৮ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ায় বিশ্বব্যাপী বাংলাদেশিরা গভীর শোক ও মর্মাহত। তাঁর এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার ব্রাডফোর্ডের স্থানীয় কুইনহাউসে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী এসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি নুরুল আমিন তারেকের সভাপতিত্বে সাংবাদিক সারওয়ার হোসেইন, জাহাঙ্গীর আলম ও শেখ আব্দুল কাইয়ুমের যৌথ ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
প্রতিবাদ সভায় ব্রাডফোর্ড ও পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মনজুর আহমদ, আনোয়ার আলী জিতু, ইঞ্জিনিয়ার মাসুদুল হাসান, কাউন্সিলার আশরাফ মিয়া, কাউন্সিলার ইসমাইল উদ্দিন, সাংবাদিক এমজি কিবরিয়া, আবুল কাশেম খান, মাওলানা নজরুল ইসলাম, মুজিবুর রহমান, আজগর খান, মাসুম মর্তুজাসহ অন্যান্যরা।
বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং আসামিদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনপূর্ব সময়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সকল অপরাধী ও সন্ত্রাসীদের দমন করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানান বক্তারা।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইমরান আহমদ চৌধুরী। পরে বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন মুজিবুর রহমান এবং ইসলামী সংগীত পরিবেশন করেন সৈয়দ আজগর আলী।
অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর শাহাদাতের মর্যাদা প্রার্থনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।
