তেহরান, ১০ জুলাই: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশগ্রহণকারীর সংখ্যা ৪ কোটি ১০ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে বলে দাবি করেছে তেহরান। শুক্রবার (১০ জুলাই) আল-জাজিরা ও ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ এই জনসমাগমকে ‘বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় শোকযাত্রা’ হিসেবে অভিহিত করেছে। গত শনিবার তেহরানে শুরু হওয়া এই শোক কর্মসূচি শেষ হয় আজ মাশহাদে তাঁর সমাধির মাধ্যমে। প্রচণ্ড গর্ব উপেক্ষা করে লাখো মানুষ শেষবারের মতো তাঁকে দেখতে রাস্তায় নামেন।
পাঁচ শহরে শোকসভা, আঞ্চলিক মিত্রদের উপস্থিতি
প্রয়াত নেতার বিদায় উপলক্ষে ইরান ও ইরাকের পাঁচটি প্রধান শহর—তেহরান, কোম, নাজাফ, কারবালা এবং মাশহাদে বর্ণাঢ্য ও আবেগঘন শোকসভার আয়োজন করা হয়। সাধারণ মানুষের পাশাপাশি এই কর্মসূচিতে অংশ নেন হামাস, হিজবুল্লাহ, ইসলামিক জিহাদ এবং হুথি বিদ্রোহীদের মতো ইরানের আঞ্চলিক মিত্রদের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
উল্লেখ্য, চার মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় শাহাদাত বরণ করেন খামেনি। দীর্ঘ আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার তাঁকে তার জন্মশহর মাশহাদের পবিত্র ইমাম রেজার মাজার প্রাঙ্গণে সমাহিত করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার এই বিদায় যেন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়ে যায় বলে বিশ্লেষকদের ধারণা।
