আব্দুল মুমিন ফাহিম, ইউকেঃ
বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার টু সিলেট সরাসরি ফ্লাইট বন্ধের প্রতিবাদে এবং ফ্লাইটটি স্থায়ীভাবে চালু রাখার দাবিতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট চালু রাখা এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবিতে সম্প্রতি নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের নেতৃবৃন্দ বাংলাদেশ হাই কমিশনের এসিস্ট্যান্ট হাইকমিশনার জুবায়েদ হুসেনের মাধ্যমে বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করেন।
নর্থ বাংলা প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারি নুরুল আমিন তারেকের নেতৃত্বে আয়োজিত স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর মাসুক আলী, নর্থ বাংলা প্রেসক্লাবের পেট্রন লতিফ মিয়া কামালি, বিশিষ্ট সাংবাদিক সারওয়ার হোসেন, কমিউনিটি টুগেদার গ্রিমসবির ফাউন্ডার চেয়ার হাজ্বী আব্দুস সালিক, ব্রাডফোর্ডের কমিউনিটি বিশিষ্ট নেতা আনোয়ার আলী জিতু, স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, লিডসের কমিউনিটি নেতা জাহাঙ্গীর আলম, লিংকন বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি আব্দুর রফিক, হাল কমিউনিটি নেতা আব্দুল কাদির, দিগন্ত মিডিয়ার ম্যানেজিং ডাইরেক্টর শেখ আব্দুল কাইয়ুম, আস্টন মুসলিম এসোসিয়েশনের নেতা আনোয়ার হুসেন, নর্থ বাংলা প্রেসক্লাবের বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন আহমদ, আব্দুল মুমিন ফাহিম, সাইফুল ইসলাম, রিয়াদুল আমিন রাহাত, কমিউনিটি নেতা আবুল কালাম চৌধুরি, গুলজার হোসেন, মোহাম্মদ আলী আশরাফ, আফজল মিয়া, কাইয়ুম চৌধুরি, আব্দুর রহমান মুছা, মাওলানা ইমরান আহমদ চৌধুরি সহ নর্থের বিভিন্ন শহর থেকে আগত শতাধিক নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট বিভাগ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। এই প্রবাসী অধ্যুষিত অঞ্চলের সঙ্গে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের গভীর সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত বিপুলসংখ্যক সিলেটি প্রবাসীর যাতায়াতের প্রধান কেন্দ্র হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বিশেষ গুরুত্ব বহন করে। বর্তমানে ম্যানচেস্টার–সিলেট সরাসরি ফ্লাইট প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। এই ফ্লাইট চালু থাকায় সময় ও ব্যয় কমে, পাশাপাশি ভোগান্তি ছাড়াই দেশে যাতায়াত সম্ভব হয়। কিন্তু ফ্লাইটটি অনিশ্চয়তার মুখে পড়লে প্রবাসীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
এছাড়া, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট চালু করা সময়ের দাবি বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এতে প্রবাসীদের যাতায়াত সহজ হবে, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
স্মারকলিপিতে সম্মানিত প্রধান উপদেষ্টার নিকট চার দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো মানচেস্টার–সিলেট সরাসরি ফ্লাইট নিয়মিত ও স্থায়ীভাবে চালু রাখা, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রবাসীবান্ধব বিমান চলাচল নীতি গ্রহণ করে সিলেট অঞ্চলের যাত্রীদের ভোগান্তি লাঘব করা এবং কাতার এয়ারলাইন্সকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান করা।
নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মানিত প্রধান উপদেষ্টার দূরদর্শী নেতৃত্ব ও সদয় হস্তক্ষেপে উল্লিখিত দাবিসমূহ বাস্তবায়িত হলে প্রবাসী ও দেশের জনগণ উপকৃত হবে এবং জাতীয় স্বার্থ সংরক্ষিত থাকবে। একই সঙ্গে দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল বিভাগের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
