ব্রাডফোর্ডে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ ডিসেম্বর শুক্রবার ব্রাডফোর্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ব্যানারে স্থানীয় কুইন হাউস মসজিদে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট আলেমে দ্বীন শাহীদুল হাসান তারেক।

জানাজা শেষে সাংবাদিক সারওয়ার হোসেইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তারা শহীদ ওসমান হাদির বর্ণাঢ্য সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন এক সাহসী কণ্ঠস্বর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি সব সময় নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন এবং জুলাই বিপ্লবে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

বক্তারা আরও বলেন, আদর্শ, সততা ও ত্যাগের প্রতীক ছিলেন শহীদ ওসমান হাদি। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, মানবিক ও ন্যায়পরায়ণ। দেশ ও জাতির কল্যাণে নিজের জীবন উৎসর্গ করতে তিনি কখনো পিছপা হননি। তার শাহাদাত শুধু একটি প্রাণহানি নয়, বরং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন বক্তারা।

স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন আনোয়ার আলী জিতু, সালিক মিয়া, আলহাজ্ব গয়াস খান, সলিসিটার আনসার হাবিব, মঞ্জুর আহমদ, মুজিবুর রহমান, জাফর নিয়াজ, মুন্সির আহমেদ চৌধুরীসহ আরও অনেকে। তারা সকলেই শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

এদিকে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে আগামী ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় ব্রাডফোর্ডের স্থানীয় কুইন হাউসে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এতে দলমত নির্বিশেষে সকল প্রবাসী বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *