ব্র্যাডফোর্ড, যুক্তরাজ্য: পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং কমিউনিটির মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে মুসলিম সোসাইটি অব ব্র্যাডফোর্ড (MSB)-এর উদ্যোগে একটি পরিচ্ছন্নতা অভিযান (Cleaning Project) সফলভাবে সম্পন্ন হয়েছে।
“চলুন, আমরা সবাই একসাথে পরিচ্ছন্নতার পথে এগিয়ে যাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৭ জুন (শনিবার) ব্র্যাডফোর্ডের বওলিং ও বাকরেন্ড ওয়ার্ডে অবস্থিত আল-হিকমা লার্নিং সেন্টার ও বাকরেন্ড প্রাইমারি স্কুল সংলগ্ন বিভিন্ন সড়ক ও জনসাধারণের চলাচলের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন সংগঠনের সদস্যরা।
এ সময় পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন মনজুর আহমদ, আব্দুল খালিক, মুজিবুর রহমান, সাংবাদিক সারওয়ার হোসেইন, সৈয়দ আজগর আলী, শোয়েব আহমদ, এখলাছুর রহমানসহ স্থানীয় কমিউনিটির অনেক স্বেচ্ছাসেবী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিনের ছোট ছোট উদ্যোগ, যেমন নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ নির্মাণ সম্ভব।
স্থানীয় কমিউনিটির বাসিন্দারা মুসলিম সোসাইটি অব ব্র্যাডফোর্ডের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, পরিচ্ছন্নতা মানুষের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিবেশকে দূষণমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা এবং একজন আদর্শ ব্রিটিশ মুসলিম নাগরিক হিসেবে সমাজের কল্যাণে এগিয়ে আসা।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, মুসলিম সোসাইটি অব ব্র্যাডফোর্ডের এই অনুকরণীয় উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে কমিউনিটির অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
