ডাকসু নির্বাচনে ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ বিজয়ী

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক │ মুক্তবাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে একই প্যানেলের এস এম ফরহাদ নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এ ফলাফল ঘোষণা করেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিক কায়েম ভিপি পদে এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম ফরহাদ জিএস পদে বিজয়ী হন।

ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন,

“শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চাকে আরও সুদৃঢ় করবে।”

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে গড়ে ৭৮ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। সূর্যসেন হলে সর্বোচ্চ ৮৭ দশমিক ৮৫ শতাংশ ভোট কাস্ট হয়। এছাড়া শেখ মুজিব হলে ৮৬ দশমিক ৫৭, উদয়ন স্কুলে ৮৫, সার্জেন্ট জহুরুল হক হলে ৮৪ দশমিক ৪৬, মুহসীন হলে ৮৩ দশমিক ৫, জগন্নাথ হলে ৮৩, বিজয় একাত্তর হলে ৮৩, স্যার সলিমুল্লাহ মুসলিম হলে ৮২ দশমিক ৮৩, জসিমউদ্দীন হলে ৭৮, জিয়া হলে ৭৫, টিএসসিতে ৬৯ এবং ল্যাবরেটরি স্কুলে ৬৩ দশমিক ২৫ শতাংশ ভোট পড়েছে।

এবারের ডাকসু নির্বাচনে ভোটাররা আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোট দেন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদে ১৩টি করে পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন এক হাজার ৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে ভোটারদের এবারের নির্বাচনে ৪১টি ভোট দিতে হয়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মাত্র আটবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *