ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে অস্বচ্ছ চুক্তি ও অনৈতিক সমঝোতার অভিযোগ তুলেছেন বিশ্লেষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য। মঙ্গলবার রাত আড়াইটা (২টা ৩০ মিনিট) নাগাদ দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।
পিনাকি ভট্টাচার্য লিখেছেন, ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সামলাতে না পারলে ভবিষ্যতে ড. ইউনূস জাতীয় সংসদ নির্বাচনও আয়োজন করতে পারবেন না। তার মতে, একজন তরুণ উপদেষ্টা রাত ১০টা থেকে বিএনপিকে প্রস্তাব দিচ্ছেন—ফেব্রুয়ারির নির্বাচনে একটি আসন ছেড়ে দেওয়ার নিশ্চয়তা দিলে তিনি ছাত্রদলকে ছাত্রশিবিরের কাছ থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদ পাইয়ে দেবেন।
তিনি আরও উল্লেখ করেন, ওই উপদেষ্টা জামায়াতকেও বার্তা দিয়েছেন যে, শিক্ষার্থীদের ভোটের জোরে জিএস পদে জয়ী হয়ে ছাত্রশিবির এককভাবে ডাকসু পরিচালনা করতে পারবে না। তাই জিএস পদ ছাত্রদলের জন্য ছেড়ে দিতে হবে। অন্যথায় জুলাই গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা ঐক্য ভেঙে যাবে, ছাত্রদল বাম ও সেকুলারদের সঙ্গে চলে যাবে এবং এতে এনসিপিও ভিন্ন অবস্থান নিতে পারে—এমন ভয় দেখানো হচ্ছে।
ফেসবুক স্ট্যাটাসে পিনাকি ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “ভোটের পবিত্রতার কথা বেমালুম ভুলে গিয়ে এখন অনৈতিক সমঝোতার আলোচনা চলছে। যে সরকার সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না, তারা কিভাবে ২০২৬ সালে ৩০০ আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করবে?”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

