অর্পিত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হলে সরকার জনসমক্ষে অবস্থান স্পষ্ট করবে: উপদেষ্টা পরিষদ

ঢাকা, ২৪ মে ২০২৫ — আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে রাজধানীর শের-ই-বাংলা নগরের পরিকল্পনা কমিশনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের ওপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব — নির্বাচন, সংস্কার ও বিচার — নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপদেষ্টারা উদ্বেগ প্রকাশ করেন যে, সরকারের কার্যক্রমকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন সময় অযৌক্তিক দাবি, এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এতে স্বাভাবিক প্রশাসনিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি ও সন্দেহের জন্ম দিচ্ছে।

বৈঠকে উপদেষ্টা পরিষদ মত প্রকাশ করে যে, দেশের স্থিতিশীলতা রক্ষায়, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে, বিচার প্রক্রিয়া কার্যকর করতে এবং কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে বৃহত্তর জাতীয় ঐক্য অপরিহার্য। তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর মতামত গুরুত্বের সঙ্গে শুনবে এবং সরকারের অবস্থান জনসমক্ষে স্পষ্ট করবে।

পরিষদ আরও জানায়, শত বাধা সত্ত্বেও গোষ্ঠীস্বার্থ উপেক্ষা করে সরকার তার অর্পিত দায়িত্ব পালনে অটল রয়েছে। তবে, যদি কোনো পরাজিত শক্তির উসকানিতে বা বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের কাজকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার তা জনসমক্ষে উপস্থাপন করে প্রয়োজনে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

বৈঠকে পরিষদ স্মরণ করিয়ে দেয়, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের পর উদ্ভূত জনআকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করছে। কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার কার্যক্রম ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো প্রয়াস দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং সেই ক্ষেত্রে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *