বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদের ‘গুম’ রহস্যে নতুন আলোচনার জন্ম

ঢাকা, ২৪ মে ২০২৫ — একাত্তর টিভির সাবেক সাংবাদিক ও বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী ইকবাল মাহমুদ আজ সকাল ৯টায় তার ফেসবুক আইডিতে একটি রহস্যঘেরা স্ট্যাটাস দেন, যা নতুন করে আলোচনায় নিয়ে এসেছে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদের ‘গুম’ ও ‘আটকের’ বিতর্কিত অধ্যায়কে।

স্ট্যাটাসে ইকবাল মাহমুদ উল্লেখ করেন, ২০১৬ সালে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে তিনি বিশেষ ব্যবস্থায় সালাহ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এ সাক্ষাৎ কোনো কারাগারে নয়, বরং একটি রাজসিক বাংলো বাড়িতে। সবুজ লনে বেতের সোফায় বসে স্বচ্ছন্দ পরিবেশে তাদের দীর্ঘ আলাপচারিতা হয়। যদিও ছবি তোলা কিংবা ভিডিও রেকর্ডিং নিষিদ্ধ ছিল, তবুও ওই মুহূর্তে সালাহ উদ্দিনের বন্দিত্বের কোনো চিহ্ন ছিল না বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, সালাহ উদ্দিনের স্ত্রীও তখন তার সঙ্গে একই বাংলোতে অবস্থান করছিলেন এবং পুরো আয়োজনেই ছিলো এক প্রকার রাষ্ট্রীয় মর্যাদার ছোঁয়া। সাক্ষাৎটি আয়োজন করেছিলেন সালাহ উদ্দিনের এক ঘনিষ্ঠ সিলেটি বিএনপি নেতা। তবে সেই সময় শর্ত ছিল, এই বিষয়টি কোথাও প্রকাশ করা যাবে না—না সংবাদমাধ্যমে, না সোশ্যাল মিডিয়ায়।

ইকবাল মাহমুদের ভাষ্য অনুযায়ী, সালাহ উদ্দিন আহমদের ভারত অবস্থানটি আদতে কোনো গুম বা কারাবন্দিত্ব ছিল না, বরং ছিলো রাজনৈতিক প্রশিক্ষণ। এবং সেই ‘প্রশিক্ষণের’ বাস্তব প্রয়োগ তিনি করছেন দেশে ফিরে ৫ আগস্টের পর থেকে।

শেষে ইকবাল মাহমুদ বলেন, “রাজনীতির রহস্য পুরুষ! খেলেরাম খেলে যা!!” — যা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে কৌতূহলের সৃষ্টি করেছে।

সালাহ উদ্দিন আহমদের ভারত যাত্রা, নিখোঁজ হওয়া, পরে শিলংয়ে খুঁজে পাওয়া এবং তারপরে দেশে ফিরে আসা—সব মিলিয়ে এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায়। ইকবাল মাহমুদের এই স্ট্যাটাস সেটিকে আবারও সামনে নিয়ে এসেছে, যা ভবিষ্যতের রাজনৈতিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *