নিজস্ব প্রতিবেদক
সিলেট, ১৩ আগস্ট ২০২৫
সিলেট নগরীর আখালিয়া বড়গুল এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্থানীয় এক দাখিল মাদ্রাসার সুপার। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম মাওলানা যুবায়ের আহমদ (৪৫)। তিনি একই এলাকার মৃত মদরিছ আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযুক্ত হত্যাকারীর নাম নয়ন আহমেদ (১৯)। তিনি নিহত যুবায়ের আহমদের শ্যালকপুত্র, অর্থাৎ নয়নের ফুফা ছিলেন নিহত ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিভাবকসুলভ দায়িত্ববোধ থেকে যুবায়ের আহমদ দীর্ঘদিন ধরে নয়নকে অসামাজিক কর্মকাণ্ড ও খারাপ সঙ্গ ত্যাগ করার পরামর্শ দিতেন। এ কারণে নয়নের সঙ্গে তাঁর মাঝে একাধিকবার কথাকাটাকাটি হয়েছিল।
বুধবার সকালে আখালিয়া বড়গুল এলাকায় নয়নের সঙ্গে যুবায়ের আহমদের দেখা হয়। এ সময় নয়ন ইচ্ছাকৃতভাবে রাস্তার জমে থাকা নোংরা পানি তাঁর গায়ে ছিটিয়ে দেয়। এ ঘটনায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে নয়ন সঙ্গে থাকা চাকু দিয়ে যুবায়েরের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, পুলিশ হত্যাকারী নয়নকে গ্রেফতার করেছে। তার যথাযথ বিচারের দাবিতে স্থানীয় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং দ্রুত বিচার কার্যকর করার আহ্বান জানিয়েছে।
