ব্রাডফোর্ড, যুক্তরাজ্য: কাদিয়ানী সম্প্রদায়ের ইসলামবিরোধী কার্যকলাপ সম্পর্কে দেশ-বিদেশের মুসলমানদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (১৯ জুলাই) ব্রাডফোর্ডের তাওয়াক্কুলিয়া জামে মসজিদে আন্তর্জাতিক মজলিশে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত, ব্রাডফোর্ড শাখার উদ্যোগে ২৯তম খতমে নবুওয়াত মহাসম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে শায়েখ আব্দুল জলিল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মুফতি শাহাবুদ্দিন ও কারী মাওলানা আব্দুল জলিল। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সোহেল আহমদ মাক্কী।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবন ও আদর্শের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন মাওলানা নজরুল ইসলাম কাসেমি, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুস শহীদ, মুফতি সাইফুল ইসলাম, মাওলানা তারিক উল্লাহ, মাওলানা এখলাসুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসলামী আকীদা অনুযায়ী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সর্বকালের সর্বযুগের সর্বশেষ নবী। তারা খতমে নবুওয়াতের আকীদা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে কাদিয়ানী মতবাদের বিষয়ে মুসলিম সমাজকে সচেতন থাকার আহ্বান জানান।
এছাড়া বক্তারা যুক্তরাজ্যে বেড়ে ওঠা মুসলিম নতুন প্রজন্মকে বিভ্রান্তিকর মতবাদ থেকে রক্ষায় আলেম-উলামা, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ার মাধ্যমে ২৯তম আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
