বিশেষ প্রতিনিধি | মুক্তবাংলা নিউজ
বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার আন্দোলনে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশীদের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “জুলাই বিপ্লব কোনো একক দল বা গোষ্ঠীর নয়, এটি সবার বিজয়। এই সুযোগকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।”
গত ৬ আগস্ট, বুধবার রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের মাহবুব আলী খান স্মৃতি সংসদ ইউকে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্ব লন্ডনের ম্যানর পার্কের রয়েল রিজেন্সী হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল আহমদ সাদিক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবিদ রাজা ও এমাদুর রহমান এমাদ।
তারেক রহমান বলেন, আগামীতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে সবাইকে একসাথে সেই সরকারকে সহযোগিতা করতে হবে। তিনি মরহুম মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন:
- বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেন এমবিই
- ব্যারিস্টার নাজির আহমদ
- বিসিএ’র সাবেক প্রেসিডেন্ট পাশা খোন্দকার এমবিই
- কে এম আবুতাহের চৌধুরী
- ব্যারিস্টার আব্দুস সালাম
- যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক
- সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী শায়েখ মানসুর আহমদ, ইসলামী আলোচনা পেশ করেন মাওলানা হাবিবুর রহমান। বক্তারা মরহুম মাহবুব আলী খানের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা আলোচনায় আনেন। বিশেষভাবে, বিএনপি ক্ষমতায় গেলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর দাবি জানান।
সংগঠনের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন আব্দুল মুকিত, আমিনুর আকরাম, কামাল উদ্দিন, খালেদ চৌধুরী, শাহাজান হোসেন সেনাজ প্রমুখ। সভার শেষে মরহুম মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং সকলের মাঝে শিরনী বিতরণ করা হয়।
এ মহতী অনুষ্ঠানে প্রায় এক হাজার লোক উপস্থিত ছিলেন।
