সিলেটে নাগরিক সমাবেশে বক্তাদের জোরালো দাবি—প্রবাসীরা অর্থনৈতিক মেরুদণ্ড, রাজনৈতিক অধিকারেও সম্মান পাওয়া উচিত
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রায় দুই কোটি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সিলেটের সোবহানিঘাট হোটেল ভ্যালী গার্ডেন কনফারেন্স হলে শুক্রবার (৯ মে) বাদ জুম্মা ‘বাংলাদেশ জাতীয় ফোরাম’ আয়োজিত এক নাগরিক সমাবেশে এই দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, “দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী প্রবাসীদের যুগের পর যুগ রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। নির্বাচন কত তারিখে হবে, সেটা মুখ্য নয়; দুই কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।”
তিনি আরও বলেন, “বিমানবন্দরে হয়রানি, লাগেজ কাটা, ঘুষ ও দুর্নীতির মতো লজ্জাজনক বিষয়গুলো বন্ধ করতে হবে। আর এই পরিবর্তনের শুরু হওয়া উচিত রাজনৈতিক স্বীকৃতি দিয়েই।”
📌 ভোটাধিকার প্রয়োগের সুযোগই প্রবাসীদের প্রকৃত মর্যাদা: ব্যারিস্টার আবু বকর
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপ মুখপাত্র ও আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আবু বকর মোল্লা। তিনি বলেন, “যুদ্ধের সময় রেমিট্যান্স যোদ্ধাদের অবদান ছিল অনস্বীকার্য। আজও দেশের অর্থনীতিকে তারা বাঁচিয়ে রেখেছেন। অথচ রাজনৈতিকভাবে তারা বঞ্চিত। এ অবিচার অবসান হওয়া এখন সময়ের দাবি।”
বাংলাদেশ জাতীয় ফোরামের সভাপতি তরুণ আইনজীবী মু. সাইফুর রহমান পারভেজ এর সভাপতিত্বে এবং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সালাহ উদ্দিন ও এডভোকেট আল আমিন এর যৌথ পরিচালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর, সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর আব্দুল হান্নান, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, জয়নাল আবেদীন, সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি নজরুল ইসলাম সহ আরো গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সমন্বয়ে ছিলেন সমাজকর্মী মোছন আলী।
🗣️ অন্যান্য বক্তাদের কণ্ঠেও উঠে আসে একই দাবি
সমাবেশে আরও বক্তব্য রাখেন—
ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর এডভোকেট রেজাউল করিম তালুকদার, মাওলানা মখছুছুর রহমান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, জামায়াত নেতা শাহেদ আলী, মাওলানা এ কে এম ফরিদ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “প্রবাসীরা শুধু রেমিট্যান্সই পাঠান না, তাঁরা দেশের উন্নয়ন ও সংকট মোকাবেলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে প্রবাসীদের সঙ্গে একটি সুপরিকল্পিত বঞ্চনার রাজনীতি চলছে।”
সমাবেশে বাংলাদেশ জাতীয় ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর সিলেট জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
