নুরুল আলম হত্যাকাণ্ড: রোহিঙ্গা ক্যাম্পে পরিকল্পিত হত্যার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে অবস্থিত মোচনী রোহিঙ্গা ক্যাম্পে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সি.আর-৬৪৬/২০২৪) মামলা দায়ের করেছেন এক লন্ডনপ্রবাসী বাংলাদেশি। নিহত ব্যক্তি নুরুল আলম (প্রয়াত) মামলার বাদী জামান চৌধুরীর স্ত্রীর ভাই।

বাদী জামান চৌধুরী (৪১), যিনি বর্তমানে যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফুড শহরের বাসিন্দা, অভিযোগ করেন যে, ২০২৩ সালের ১৯ মে রাত ১০টা থেকে ১১:৩০টার মধ্যে পূর্বপরিকল্পিতভাবে তার শ্যালক নুরুল আলমকে হত্যা করে আসামিরা। মামলায় বলা হয়, আসামিরা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকারী সংঘবদ্ধ অপরাধী ও ভাড়াটে খুনি, যাদের বিরুদ্ধে ধর্ষণ, মাদক ও অস্ত্রসহ একাধিক অভিযোগ আদালতে বিচারাধীন।

ঘটনার বিবরণে জানা যায়, বাদীর স্ত্রীর সৎ ভাইবোনদের সঙ্গে পারিবারিক বিরোধের জের ধরে হত্যার পরিকল্পনা করা হয়। ভিকটিমকে বারবার আসামিদের বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হতো এবং শেষবার ১৯ মে রাতে একে ‘পান’ খাওয়ানোর মাধ্যমে বিষক্রিয়া ঘটানো হয়। এরপর তাকে এক অজ্ঞাত চিকিৎসক ইনজেকশন দিলে তার অবস্থার আরও অবনতি ঘটে। অবশেষে ২০ মে কক্সবাজার সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতালের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে “poison ingestion with hemorrhagic vomiting” উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে দাফনের সময় মৃতদেহে আঘাতের চিহ্ন দেখে স্বজনরা ছবি তুলে সংরক্ষণ করেন। পরে সেই ছবি ও অন্যান্য প্রমাণাদি যুক্ত করে বাদী আদালতে নালিশী দরখাস্ত দাখিল করেন।

মামলায় বলা হয়, ৫নং আসামি (নুরুল আলমের স্ত্রী) হত্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ৭নং আসামি মোস্তফা খাতুন স্বামী মোঃ রশিদ, যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড থেকে এসে গোটা হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন এবং ক্যাম্পে ফিরে যাবার ঠিক পরপরই হত্যাকাণ্ড সংঘটিত হয়। বিষয়টি ইউকে পুলিশকে অবগত করা হলে ইউকে পুলিশ মামলা হাতে নেয় এবং মামলা বর্তমানে তদন্ত প্রক্রিয়াধীন। ( UK Police Ref: 1514)

এছাড়াও, আসামিরা মামলা না করতে এবং ঘটনাটি চেপে যেতে বাদীর পরিবারের সদস্যদের হত্যা ও অপহরণের হুমকি দিতে থাকেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। নিরাপত্তার অভাবে ভুক্তভোগীরা ক্যাম্পে নিরাপদে বসবাস করতে পারছেন না।

বাদী জানান, থানা মামলা না নেওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন এবং রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের মৌখিক অনুমতির ভিত্তিতে এ মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। নুরুল আলম হত্যাকাণ্ড ঘিরে রোহিঙ্গা ক্যাম্পজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *