মরহুম আলহাজ্ব আব্দুল মালিক চৌধুরী স্মরণে ব্র্যাডফোর্ডে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডের বিশিষ্ট প্রবীণ মুরুব্বি, শিক্ষানুরাগী, ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক মরহুম আলহাজ্ব আব্দুল মালিক চৌধুরী-এর স্মরণে এক আবেগঘন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ জুলাই (শনিবার) মুসলিম সোসাইটি অব ব্র্যাডফোর্ড (এমএসবি)-এর উদ্যোগে স্থানীয় কুইনহাউজ মসজিদে অনুষ্ঠিত এ স্মরণসভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-উলামা, সমাজকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী এবং সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মুজিবুর রহমান-এর সভাপতিত্বে এবং আব্দুল খালিক-এর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন থেকে অর্থসহ তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন শাহিদুল হাসান তারেক

আলোচনা পর্বে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন, ধর্মীয় অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন আলহাজ্ব গয়াছ খান, মনজুর আহমদ, আনোয়ার আলী জিতু, সলিসিটার আনসার হাবিব, দিলনেওয়াজ চৌধুরী, জুনায়েদ চৌধুরীসহ অন্যান্য বক্তারা।

বক্তারা বলেন, মরহুম আব্দুল মালিক চৌধুরী ১৯৬৩ সালের ডিসেম্বর মাসে ইংল্যান্ডে আগমন করেন। এরপর থেকে তিনি ব্রিটিশ মুসলিম কমিউনিটিকে সুসংগঠিত করা, ইসলামের সুমহান শিক্ষা প্রচার এবং নতুন প্রজন্মকে কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। কোরআন ও হাদিসের ওপর তাঁর ছিল গভীর জ্ঞান ও অসাধারণ পাণ্ডিত্য।

তিনি মদিনাতুল উলুম ইসলামিক সেন্টার-এর ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, আল-মুওয়াত্তা ইনস্টিটিউট-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুসলিম সোসাইটি অব ব্র্যাডফোর্ড (এমএসবি)-এর উপদেষ্টা এবং ফরাজদ আলী চৌধুরী ফাউন্ডেশন-এর উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন কমিউনিটির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বক্তারা আরও বলেন, তিনি ছিলেন স্পষ্টবাদী, দূরদর্শী, ন্যায়পরায়ণ ও আদর্শবান একজন ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে ব্র্যাডফোর্ডের মুসলিম কমিউনিটি একজন অভিভাবক, সমাজহিতৈষী এবং নীতিনিষ্ঠ নেতৃত্বকে হারিয়েছে। তাঁর অবদান ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল মালিক চৌধুরী গত ২০ জুন ২০২৬ (শনিবার) সকাল ৯টা ৫০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ব্র্যাডফোর্ড রয়্যাল ইনফার্মারি (বিআরআই) হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

তিনি ব্র্যাডফোর্ডের সুপরিচিত কমিউনিটি অ্যাকটিভিস্ট দিলওয়াজ চৌধুরীদিলনেওয়াজ চৌধুরী-এর পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি এবং দেশ-বিদেশে অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার জামডর গ্রামে।

গত ২১ জুন (রবিবার) বাদ যোহর মদিনাতুল উলুম মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর ছেলে হাফিজ দিলনেওয়াজ চৌধুরী। জানাজায় স্থানীয় রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী, আত্মীয়-স্বজনসহ কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে ব্র্যাডফোর্ডের স্থানীয় স্কুলমউর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুমের ইন্তেকালে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

স্মরণসভায় উপস্থিত ছিলেন মো. ছালিক মিয়া, শিবলী শামস চৌধুরী, মোহাম্মদ আলী আশরাফ, সাংবাদিক সারওয়ার হোসেইন, দিলকরম চৌধুরী, মুন্সির আহমদ চৌধুরী, মো. চেরাগ আলী, শফিকুল হোসেইন, আব্দুস শহীদ, মো. ইব্রাহিম, দিলয়ার হোসেইন, মোহাম্মদ আবু আশরাফ, মিসবাহ উদ্দিনসহ কমিউনিটির অসংখ্য গণ্যমান্য ব্যক্তি।

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমের রুহের মাগফিরাত, পরকালীন শান্তি এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মদিনাতুল উলুম ইসলামিক সেন্টার-এর প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম। উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *