ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল বিপুল ভোটে জয়ী

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | মুক্তবাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল। বুধবার সকালে ঘোষিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, গুরুত্বপূর্ণ তিনটি শীর্ষ পদসহ অধিকাংশ পদেই বিজয়ী হয়েছেন এ প্যানেলের প্রার্থীরা।

ভিপি (সহসভাপতি) পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক) পদে এসএম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদে মহিউদ্দিন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট।

এছাড়া বিভিন্ন সম্পাদক পদেও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন। এর মধ্যে রয়েছেন—

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
  • কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা
  • আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র) – তিনি ১১ হাজার ৭৭৭ ভোট পেয়েছেন
  • ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
  • ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ
  • সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)
  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ
  • মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মো. জাকারিয়া

ভোটার ও নির্বাচন প্রক্রিয়া

এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৭১ জন। পাশাপাশি ১৮টি হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ৩৫ জন।

মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ছিলেন ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার ছিলেন ২০ হাজার ৯১৫ জন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে বুধবার সকালে ফল ঘোষণা করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *