নিজস্ব প্রতিবেদক | মুক্তবাংলা নিউজ
ছাতক (সুনামগঞ্জ): ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট (ইউকে) কর্তৃক আয়োজিত তিন মাসব্যাপী “মহিলাদের জন্য ফ্রি সেলাই প্রশিক্ষণ ২০২৫”-এর দ্বিতীয় ব্যাচের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান গত ১৮ অক্টোবর, শনিবার স্থানীয় সিরাজগঞ্জ বাজারে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফয়জুল ইসলাম, এবং সঞ্চালনা করেন প্রশিক্ষণ কো-অর্ডিনেটর জনাব আলাছ উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী ক্বারী হোসনারা বেগম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রশিক্ষণার্থী মোছাঃ লুপা আক্তার।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মহী উদ্দিন, উপাধ্যক্ষ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“এই ধরনের প্রশিক্ষণ নারীদের আত্মনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজের অর্ধেক অংশকে দক্ষ করে তুলতে পারলেই উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
- জনাব মোঃ নজরুল ইসলাম, কোর্স কো-অর্ডিনেটর, সিলেট;
- জনাব আব্দুল বাছিত, সহ-সভাপতি, প্রাথমিক শিক্ষক সমাজ, ছাতক উপজেলা;
- জনাব খলিলুর রহমান, সভাপতি, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, ছাতক উপজেলা;
- জনাব মিজানুর রহমান, সহ-সভাপতি, প্রাথমিক শিক্ষক সমাজ, ছাতক উপজেলা;
- জনাব আব্দুর রহিম, প্রশিক্ষণ কো-অর্ডিনেটর।
সভায় বক্তারা বলেন, ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট (ইউকে) এর এই উদ্যোগ নারীদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে একতা সমাজ কল্যাণ সংস্থা, সিংচাপইড়, ছাতক, সুনামগঞ্জ-এর সার্বিক সহযোগিতা ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
শেষে সফল প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয় এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
