মুক্তবাংলা রিপোর্টঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা আব্দুস সালাম আল-মাদানীর সমর্থনে গত ১১ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪:০০ ঘটিকায় ছাতকের সিংচাপইড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিরাজগঞ্জ বাজারে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়|
সিংচাপইড় ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি, সালিশ ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী হাজী আরজক আলীর সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আমিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি জনগণের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসনব্যবস্থা লুটপাট, দুর্নীতি ও দমন–নিপীড়নের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।
তিনি বলেন, এখন সময় এসেছে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে পলাতক স্বৈরাচার ও লুটেরাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার। তিনি উল্লেখ করেন, “৩৬ জুলাইয়ের ছাত্র–জনতার বিপ্লব” দেশকে নতুনভাবে গড়ে তোলার এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে।
মাওলানা আল-মাদানী আরও বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি, গণভোট ও জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে—যে সরকার সত্য, ন্যায় ও জনগণের কল্যাণের পক্ষে কাজ করবে।
তিনি বলেন, বাংলাদেশের মালিক কোনো দল বা গোষ্ঠী নয়, বরং প্রকৃত মালিক জনগণ। তাই জনগণকেই নিজের অধিকার ফিরিয়ে আনতে হবে।
জননেতা আল-মাদানী আশা প্রকাশ করেন যে, ইসলাম, ন্যায়বিচার ও সুশাসনের ভিত্তিতে একটি দীননিষ্ঠ ও স্বচ্ছ বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে। তিনি দেশবাসীর জন্য দোয়া কামনা করেন এবং বলেন—আল্লাহ তাআলা যেন এই জাতিকে দয়া করেন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে তাওফিক দান করেন।
বিশাল এই নির্বাচনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মনসুর আহমদ, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন, সিলেট মহানগর জালালাবাদ থানার এসিস্টেন্ট সেক্রেটারি উবায়দুল হক শাহিন, ছাতক উপজালা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আউয়াল ছাতক দক্ষিণ শিবির সভাপতি ছাত্রনেতা জামিল আহমদ ইউনিয়ন সভাপতি আকবর আলী , বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুস সালাম।
আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবুল বশর (বাচ্চু), লিলু মিয়া,হেলাল আহমদ,হাবীব আহমদ, ছাত্রনেতা ফাহিম আহমদ, মঞ্জরুল আলম তালহা, সহ স্হানীয় নেতৃবৃন্দ।
