ইউকে কমিউনিটি নেতা অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজের পিতার মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে শোক

সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দের গভীর সমবেদনা। 

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, লন্ডন:

বাংলাদেশ জাতীয় ফোরাম ইউকের সভাপতি ও যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজের পিতা, ছাতক উপজেলার ১ নম্বর সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের সর্বজনশ্রদ্ধেয় শালীশ ব্যক্তিত্ব ও সমাজের মুরব্বি মিজানুর রহমান চুনু-এর মৃত্যুতে যুক্তরাজ্যপ্রবাসী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বর্ণাঢ্য সামাজিক জীবন, ন্যায়নিষ্ঠ নেতৃত্ব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, মিজানুর রহমান চুনু ছিলেন একজন ন্যায়পরায়ণ, মানবিক ও সমাজহিতৈষী ব্যক্তি। এলাকার বিভিন্ন সামাজিক বিরোধ নিষ্পত্তি, পারস্পরিক সম্প্রীতি রক্ষা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাঁর মৃত্যুতে শুধু পরিবার নয়, সমগ্র এলাকাবাসী একজন অভিজ্ঞ অভিভাবক, শুভানুধ্যায়ী ও সমাজের পথপ্রদর্শককে হারিয়েছে।

শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়।

শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকে ও ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, মুক্তবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এনটিভি ইউরোপের সাংবাদিক সারওয়ার হোসেইন সুজন, ছাতক ইসলামিক সোসাইটি ইউকের সভাপতি ইমদাদুর রহমান, সেক্রেটারি ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি লোকমান আহমদ, সাবেক সেক্রেটারি এনামুল হক শাহীন, নিরাপদ বাংলাদেশ ইউকের সভাপতি মুসলিম খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর সাবেক আইটি ও স্পোর্টস সম্পাদক এবং সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাস্টিস ফর ভিকটিম ইউকের সভাপতি জহিরুল ইসলাম, ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটসের সভাপতি জাকির হোসেন চৌধুরী, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ইউকের সভাপতি জয়নাল আবেদীনসহ যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক এবং মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ জুলাই শনিবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান চুনু ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি ছাতক উপজেলার পীরপুর গ্রামের একজন সম্মানিত শালীশ ব্যক্তিত্ব, সমাজের মুরব্বি ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তাঁর সততা, ন্যায়নিষ্ঠা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি এলাকাবাসীর কাছে বিশেষভাবে সমাদৃত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ দেশ-বিদেশে বসবাসরত অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

গত ১৩ জুলাই সোমবার সকাল ১১টায় পীরপুর শুকুরুন্নেছা চৌধুরী স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে পীরপুরসহ ছাতক অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। জানাজায় উপস্থিত মুসল্লিরা তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *