ব্র্যাডফোর্ডে অ্যাডভোকেট শিশির মনির: “বিমানবন্দর আধুনিকায়ন ও পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন ছাড়া প্রবাসীরা শান্তি পাবে না”

এস.হোসেইন ব্র্যাডফোর্ড, যুক্তরাজ্য:

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে হলে বিমানবন্দর ও সমুদ্রবন্দরকে আধুনিকায়ন করতে হবে এবং দেশের পলিটিক্যাল সিস্টেমে আমূল পরিবর্তন আনতে হবে।

যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে সাংবাদিক সারওয়ার হোসেইনের মুখোমুখি হয়ে এবং সুধী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। গত ১২ অক্টোবর কুইন্স হাউসে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশন আয়োজিত সুধী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে হয়রানি প্রসঙ্গে তিনি বলেন:

“বিদেশ থেকে যারা বাংলাদেশে যায়, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যখন দেশে যায়, তাদের জন্য একটা সুন্দর ডেলিভারি সিস্টেম থাকতে হবে। সমুদ্র বন্দর এবং বিমানবন্দরের মাধ্যমেই এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ। এগুলোকে যদি মডার্নাইজ করতে না পারি, তাহলে প্রবাসীরা শান্তি পাবে না।”

তিনি আরও বলেন, “যদি সিস্টেমে হয়রানি থাকে, তাহলে যার ক্ষমতা আছে সে হয়তো সুবিধা পেয়ে যাবে, কিন্তু যার ক্ষমতা নেই, সে কী পাবে? তার তো একটা প্রপার সিস্টেম দরকার। এই জন্য পুরো সিস্টেমটাকে আপ-টু-ডেট করা প্রয়োজন। প্রয়োজনে লোডিং-আনলোডিং এর মতো কাজগুলো ফরেন কোম্পানিকে দিয়ে ম্যানেজ করানো উচিত।”

সিস্টেম পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন:

“সকলেই চায় বাংলাদেশে সিস্টেমগুলো পরিবর্তন হোক। ব্যক্তিগতভাবে কাউকে লাভবান করা নয়। বাংলাদেশের জন্য বিদেশে যারা কাজ করছে, তাদের মধ্যে এই পরিবর্তনের আকাঙ্ক্ষা অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক অনেক বেশি।”

বর্তমান সরকার ও সকল রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের অনুরোধ থাকবে, প্লিজ পলিটিক্যাল সিস্টেমটা ঠিক করুন। অন্যথায় বিদেশীরা বাংলাদেশে ইনভেস্ট করতে এবং প্রবাসীরা দেশে যেতে আগ্রহ হারিয়ে ফেলবে।”

গত ১২ই অক্টোবর, সোমবার সন্ধ্যা ৭টায় ব্র্যাডফোর্ডের কুইন্স হাউস সেন্টারে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। নর্থ ইংল্যান্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশন, ইউকে- আয়োজনে অনুষ্ঠানে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
তারা একটি দুর্নীতি ও মাদকমুক্ত, জনকল্যাণমূলক নতুন বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।

শিবলী শামছ চৌধুরী সভাপতিত্বে, সারওয়ার হোসেইন ও নুরুল আমিন তারেকের যৌথ প্রাণবন্ত সঞ্চালনায় মাওলানা ইমরান আহমদ চৌধুরীর কুরআন তেলাওয়াতের পর সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মনজুর আহমদ, আনোয়ার আলী জিতু, সলিসিটার আনসার হাবিব, মুন্সির আহমদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, মাসুম মর্তুজা, মাথাসিন আলী সহ অন্যান্যরা

বক্তারা বলেন, প্রবাসীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, দূরে থেকেও দেশ গড়ার আন্দোলনে তারা সর্বদা প্রস্তুত। নর্থ ইংল্যান্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে আপ্যায়নের মধ্য দিয়ে সুধী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *