মুক্তবাংলা নিউজ ডেস্ক:
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণের দাবিতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশন (NEBA)-এর নেতৃবৃন্দ বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেইনের সঙ্গে মতবিনিময় করেছেন। গত ৯ই সেপ্টেম্বর (মঙ্গলবার) ম্যানচেস্টারে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রবাসী নেতৃবৃন্দের পক্ষ থেকে সহকারী হাইকমিশনারকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাঁরা প্রবাসীদের ভোটাধিকারসহ বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
নর্থ ইংল্যান্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা নোমান আহমেদ ,আবুল কাশেম খান, মাওলানা শরিফ হোসাইন, নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক, গ্রেটার সিলেট কাউন্সিল নর্থ এর ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক সারওয়ার হোসাইন, রায়হান খান, মহসিন আহমেদ, শেখ আব্দুল কাইয়ুম ,আনোয়ার হোসাইন, এ কে তালুকদার, মখলিছুর রহমান, আবুল কালাম চৌধুরী, নোমান আহমেদ চৌধুরী, আব্দুর রকিব, মোহাম্মদ আব্দুল কাদির, মাতাসিন আলী, হাবিবুর রাহমান, তোফায়েল আহমেদ, রাহিম খান, সিদ্দিকুর রহমান চৌধুরী, আব্দুর রাহমান মুসা, মুশফিক শাহজাহান চৌধুরী , মাহমুদ হোসাইন , বুরহান উদ্দিন, ফয়ছল চৌধুরী সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহরের শীর্ষস্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ।
📌 স্মারকলিপিতে উত্থাপিত মূল বিষয়সমূহ
প্রবাসীদের দাবি:
- বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
- প্রবাসী নিবন্ধন (PR) প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করা।
- প্রবাসী ভোটারদের তালিকা প্রণয়ন ও তা কার্যকর করার জন্য যথাযথ সংস্কার।
- নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে প্রযুক্তি নির্ভর প্রক্রিয়া চালু করা।
- দূতাবাস ও হাইকমিশনের মাধ্যমে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম তদারকি জোরদার করা।
- সুষ্ঠু, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে উপযুক্ত নির্বাচন নিশ্চিত করতে প্রবাসীদের মতামত অন্তর্ভুক্ত করা।
বিশেষ প্রস্তাবনা:
- জাতীয় ভোটার তালিকায় প্রবাসীদের অন্তর্ভুক্তির জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ।
- বিদেশে বসবাসরত নাগরিকদের জন্য দূতাবাস ও হাইকমিশনে ভোটকেন্দ্র স্থাপন।
- ব্যালট ডাকযোগে পাঠানোর (Postal Ballot) বিকল্প ব্যবস্থা চালু করা।
- প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়।
- ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে পর্যবেক্ষক নিয়োগ।
- নীতি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা এড়িয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ।
সহকারী হাইকমিশনারের প্রতিশ্রুতি
প্রবাসী নেতৃবৃন্দের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাবে সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেইন বলেন, “বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসীরা যাতে আগামী নির্বাচনে ভোট দিতে পারেন সেজন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
প্রবাসী নেতাদের আহ্বান
নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে বিদ্যমান জটিলতা দূর করতে প্রবাসী নিবন্ধন (PR) পদ্ধতির কার্যকর প্রয়োগ অপরিহার্য। একই সঙ্গে তাঁরা সুষ্ঠু, জনবান্ধব ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ দ্রুত তৈরি করার আহ্বান জানান।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা সহকারী হাইকমিশনের মাধ্যমে আহ্বান জানান—একটি ফেয়ার ও স্বচ্ছ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
