সিলেটে ইভিনিং কুরআন শিক্ষা কোর্সের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটের আখালিয়ায় অবস্থিত আইডিয়াল ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে ‘ইভিনিং কুরআন শিক্ষা কোর্স’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই ২০২৬) বিকেল ৪টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় শিক্ষা বিস্তার এবং নতুন প্রজন্মকে বিশুদ্ধভাবে পবিত্র কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ও বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাওলানা মো. আব্দুল্লাহ, প্রাক্তন বিভাগীয় প্রধান, চর্ম ও যৌন রোগ বিভাগ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট। তিনি বলেন, পবিত্র কুরআনের শিক্ষা মানুষের নৈতিকতা, চরিত্র ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআনের শিক্ষা প্রতিটি মুসলিম পরিবারের জন্য অপরিহার্য। তিনি এমন মহতী উদ্যোগ গ্রহণ করায় আইডিয়াল ইবতেদায়ী মাদ্রাসা কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও চেয়ারম্যান, সিলেট আইডিয়াল কলেজ, মো. নুরুর রহমান। তিনি বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে একটি আদর্শ, সুশিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি ক্বারী মাওলানা শামসুদ্দোহা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কর্মব্যস্ত জীবনে অনেক শিশু-কিশোর, তরুণ ও সাধারণ মানুষ নিয়মিত কুরআন শেখার সুযোগ থেকে বঞ্চিত হন। তাদের কথা বিবেচনায় রেখেই ইভিনিং কুরআন শিক্ষা কোর্স চালু করা হয়েছে। তিনি সকলকে এ কোর্সে অংশগ্রহণ করে পবিত্র কুরআনের সঠিক তিলাওয়াত ও শিক্ষা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্বারী সদরুল আমীন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী এবং সুধীজন অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এই ইভিনিং কুরআন শিক্ষা কোর্স সিলেট অঞ্চলে কুরআন শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে কার্যকর অবদান রাখবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *