সিলেট প্রতিনিধি │ ১৩ নভেম্বর ২০২৫
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করে বলেছেন, দেশে নতুন করে আগুনসন্ত্রাস ও নাশকতার ষড়যন্ত্র শুরু করেছে পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তিনি বলেন, “দেশ-বিদেশে পালিয়ে থাকা আওয়ামী নেতারা এখন লকডাউনের নামে বিশৃঙ্খলা ছড়ানোর পাঁয়তারা করছে। জনগণ এই ষড়যন্ত্র সফল হতে দেবে না। আগুনসন্ত্রাসী ও নাশকতাকারীদের রাজপথে কোনো ছাড় দেয়া হবে না।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকায় আয়োজিত এক মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি আয়োজিত হয় “ফ্যাসিস্ট আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার হুমকির প্রতিবাদে” এবং “জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের দাবিতে” সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে।
ফখরুল ইসলাম বলেন, “দুই হাজার ছাত্র-জনতার শাহাদত ও ৩০ হাজারের বেশি আহতের আত্মত্যাগে দেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের এই দেশে কোনো স্থান নেই। জনগণ শান্তিপ্রিয় বলেই তারা এখনো ঘরে থাকতে পারছে। কিন্তু যদি আবারো সহিংসতার চেষ্টা করে, জনগণ ঘর থেকে টেনে এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণহত্যার দ্রুত বিচার করতে হবে। জুলাই সনদের আইনি স্বীকৃতির জন্য গণভোটের আয়োজন করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে গঠিত অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে।”
সিলেট সদর উপজেলা জামায়াতের আমির নাজির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নেতা উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি মুফতি আলী হায়দার, জালালাবাদ থানা আমির ক্বারি আলাউদ্দিন, বিমানবন্দর থানা আমির শফিকুল আলম মফিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি তুহিন আহমদ।
এছাড়া দিনভর নগরীর বিভিন্ন স্থানে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে পৃথক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে আওয়ামী আগুনসন্ত্রাস ও ফ্যাসিবাদবিরোধী স্লোগানে সিলেটের রাজপথ মুখরিত হয়ে ওঠে।
