অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ আর নেই

মুক্তবাংলা নিউজ, ঢাকা: অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শুক্রবার দুপুর তিনটার দিকে ঢাকার নিজ বাসায় অচেতন হয়ে পড়েন তিনি। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে তিনটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু হার্ট অ্যাটাকজনিত বলে জানা গেছে।

এ এফ এম হাসান আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবেদ চৌধুরী। তিনি জানান, “গত দুদিন ধরে তিনি সর্দি জ্বরে ভুগছিলেন। অসুস্থ শরীরেই গতকাল বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ মিটিং করেন। আজ জুমার নামাজের পর হঠাৎ করে তার শরীর খারাপ হলে হাসপাতালে নেওয়া হয়।”

পরিবারের পক্ষ থেকে উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ গণমাধ্যমকে জানান, “বাবা হঠাৎ করে মেঝেতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।”

পারিবারিক সূত্রে জানা গেছে, তার প্রথম জানাজার নামাজ শুক্রবার বাদ এশা ধানমন্ডি ৭ নম্বরের একটি মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।

শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ এফ এম হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “উনার মৃত্যুতে দেশ একজন সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে হারাল।”

শোকস্তব্ধ পরিবার এবং তার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *