সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই, আজ কানাইঘাটে জানাজা

সিলেট, প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত রাতে আনুমানিক ১টা ৩০ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এক শোকবার্তায় তিনি মরহুমের বর্ণাঢ্য জীবন, দ্বীনি নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং ইসলামী আন্দোলনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন দ্বীনি জ্ঞান, দূরদৃষ্টি ও নেতৃত্বগুণে সমৃদ্ধ একজন ব্যক্তিত্ব। সিলেট বিভাগজুড়ে তাঁর ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা ছিল। রাজনৈতিক ও আদর্শিক ভিন্নমত থাকা সত্ত্বেও বিভিন্ন মহলের মানুষের কাছে তিনি সম্মানিত ছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর বিভিন্ন দুঃসময়ে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দেশ ও মানুষের প্রতি ভালোবাসা থেকে তিনি জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন এবং কখনো দায়িত্ব থেকে সরে দাঁড়াননি। দীর্ঘদিন অসুস্থ থাকলেও তিনি ধৈর্য, সাহস ও মহান আল্লাহর প্রতি নির্ভরশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়।

এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক এমপি প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজার নামাজ আজ বিকেল ৪টায় কানাইঘাটের তালবাড়ি জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের অবদানের কথা স্মরণ করেছেন।

আল্লাহ তাআলা তাঁকে মাগফিরাত দান করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *