সিলেট অফিসঃ
সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ও সবকদান অনুষ্ঠান গত ১৭ সেপ্টেম্বর, বুধবার উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
জামেয়ার অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাওলানা লুৎফুর রহমান হোমায়দীর সভাপতিত্বে এবং হাদিস বিভাগের প্রভাষক মাওলানা ফখরুল ইসলাম এবং আরবি বিভাগের প্রভাষক মাওলানা নাজমুল হুদা তোফায়েল’র যৌথ সঞ্চালনায় উক্ত অরিয়েন্টেশন ও সবকদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, উস্তাযুল আসাতিযা, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শায়েখ আব্দুল্লাহ। তিনি হাদীস থেকে সবকদান করেন এবং নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা দ্বীনি শিক্ষার ছাত্র, তোমাদের দায়িত্ব শুধু বই মুখস্থ করা নয়, বরং ইসলামের আলোকে নিজের জীবনকে সাজানো এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করা। হাদীসের শিক্ষা হলো চরিত্রবান, পরহেজগার ও নৈতিকভাবে দৃঢ় মানুষ হওয়া। এই পথেই আমাদের অগ্রসর হতে হবে।”
সভাপতির বক্তব্যে জামেয়ার অধ্যক্ষ মাওলানা মো: লুৎফুর রহমান হোমায়দী বলেন, “আলিম পর্যায়ের এ নবীন শিক্ষার্থীরা একদিন দ্বীনের খেদমতে অগ্রণী ভূমিকা পালন করবে। তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন-সুন্নাহর আলোকে চলতে হবে। আমরা শুধু জ্ঞান নয়, বরং আমল ও আদর্শিক মানুষ গড়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার তাঁর বক্তব্যে বলেন, “আজকের দুনিয়ায় দ্বীনি ও আধুনিক জ্ঞানের সমন্বয় অত্যন্ত জরুরি। শাহজালাল জামেয়া ইসলামিয়া সবসময় এই দুই ধারার সমন্বিত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে কাজ করছে। নবীন শিক্ষার্থীদের উচিত সময়কে সঠিকভাবে কাজে লাগানো, আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপন করা এবং ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যৎ সমাজ নেতৃত্বের প্রস্তুতি গ্রহণ করা।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও অতিরিক্ত উপাধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন, আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সালাহউদ্দিন আজমান, উদ্ভিদবিদ্যার সহকারী অধ্যাপক ফারুক মিয়া, আরবি বিভাগের প্রভাষক শায়েখ সাঈদ বিন নূরুজ্জামান, সিনিয়র শিক্ষক মুফতি আলী হায়দার এবং ছাত্র প্রতিনিধি জওহার লোকমান উসামা – প্রমুখ।
বক্তারা সবাই নবীন শিক্ষার্থীদেরকে দ্বীনি জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার পাশাপাশি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, নিয়মিত অধ্যবসায় বজায় রাখা, ইসলামি আদর্শকে জীবনে ধারণ করা এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাতের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের জন্য কল্যাণ ও সাফল্য কামনা করা হয়।
