ঢাকা, ৩১ আগস্ট ২০২৫ – যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট লেখক ও কলামিস্ট আলী মুহাম্মাদ সমুজ আজ স্থানীয় সময় দুপুর ১২টায় তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে প্রধান উপদেষ্টা বরাবর একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। চিঠিতে তিনি সাম্প্রতিক সহিংসতা, রাজনৈতিক দলের ভূমিকা এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে তীব্র সমালোচনা করেন।
চিঠিতে তিনি অভিযোগ করেন, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরুকে সেনা ও পুলিশ মিলে মারধর করেছে এবং বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। এ বিষয়ে নুরের সুচিকিৎসার দ্রুত ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি।
আলী মুহাম্মাদ সমুজ আরও প্রশ্ন তোলেন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়নি। তাঁর মতে, জাতীয় পার্টি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তিনি জি এম কাদেরকে ‘জনগণের আস্থা হারানো ব্যক্তি’ হিসেবে উল্লেখ করে দাবি করেন, কাদের আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছেন এবং তাঁকে দ্রুত গ্রেপ্তার করা জরুরি।
চিঠিতে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান। পাশাপাশি উপদেষ্টা আসিফ নজরুলকে কার্যকরভাবে কাজে যুক্ত করার পরামর্শ দেন এবং অভিযোগ করেন যে জাতীয় পার্টি ও ১৪ দল জুলাই বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।
চিঠির শেষাংশে আলী মুহাম্মাদ সমুজ সতর্ক করেন, জনগণ সরকারের ওপর আস্থা হারাতে শুরু করেছে এবং জরুরি পদক্ষেপ গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
