ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনেও জয় পেয়েছেন এক দম্পতি। ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় অর্জন করেন তারা।
দম্পতিটি হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী তারিকুল ইসলাম এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নিগার সুলতানা। নির্বাচনে তারিকুল ইসলাম কার্যকরী সদস্য (পুরুষ) পদে ১,৭৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে, নিগার সুলতানা সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (নারী) পদে ২,৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন।
দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রায় ৪৪ ঘণ্টা পর ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিজয়ী তারিকুল ইসলাম বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, নিগার সুলতানা বিশ্ববিদ্যালয়ের কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড (ফিমেল সেকশন) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আরেক দম্পতির জয় পায়। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দীন ও তার স্ত্রী উম্মে ছালমা। রায়হান নির্বাচিত হন কার্যনির্বাহী সদস্য পদে এবং উম্মে ছালমা জয় পান কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে। ওই নির্বাচনে তারা দুজনেই ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বিশ্ববিদ্যালয় রাজনীতিতে স্বামী-স্ত্রীর ধারাবাহিক এই সাফল্য এখন ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
