পিএসজির বিরুদ্ধে এমবাপ্পের অভিযোগে পাল্টা মামলা: দাবি করা হচ্ছে ৯ কোটি ৮০ লাখ ইউরোর ক্ষতিপূরণ

মুক্তবাংলা ডেস্ক | স্পোর্টস | প্যারিস |

প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) এবং তাদের সাবেক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের মধ্যকার চলমান দ্বন্দ্বে এবার যুক্ত হলো নতুন নাটকীয় মোড়। ফরাসি ক্লাবটি এবার তাদেরই সাবেক খেলোয়াড়ের বিরুদ্ধে নেমেছে আইনি লড়াইয়ে। আরএমসি স্পোর্ত-এর এক প্রতিবেদনে জানা গেছে, পিএসজি এমবাপ্পের বিরুদ্ধে কোটি কোটি ইউরোর মানহানি মামলা দায়ের করেছে।

খবরে বলা হয়, পিএসজি আদালতের কাছে অনুরোধ করেছে, এমবাপ্পের অভিযোগের ভিত্তিতে ক্লাবটির ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৫ কোটি ৫০ লাখ ইউরো জব্দের আদেশ যেন প্রত্যাহার করা হয়। তাদের ভাষায়, এমবাপ্পে ক্লাবটির কাছ থেকে কোনও অর্থ পাওয়ার কথা নয়; বরং ক্লাবটি দাবি করছে, ফরাসি এই তারকার কাছ থেকে পাবে ৯ কোটি ৮০ লাখ ইউরো, যা তারা চাইছে মানহানির ক্ষতিপূরণ হিসেবে।

পিএসজির দাবি, এমবাপ্পের করা অভিযোগ এবং তার পরবর্তী কিছু পদক্ষেপের কারণে ক্লাবটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে—বিশেষ করে তাদের আর্থিক ও সাংগঠনিক স্থিতিশীলতা নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে, যার প্রভাব পড়েছে পিএসজির আন্তর্জাতিক ভাবমূর্তিতে। সেই কারণেই তারা এতো বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে।

তবে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, এমবাপ্পে যে অর্থ (৫ কোটি ৫০ লাখ ইউরো) পাওনার দাবি করছেন, সেটার দ্রুত নিষ্পত্তি চায় তারা। যদিও এমবাপ্পে পক্ষ থেকে এখনো এ নিয়ে তেমন কোনো জবাব আসেনি, বলে জানায় আরএমসি স্পোর্ত।

কিছুদিন আগেই পিএসজির সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান এমবাপ্পে। তবে নতুন ক্লাবে যাওয়ার আগেই সাবেক ক্লাবের সঙ্গে এমন টানাপড়েনের ঘটনায় হতবাক অনেক ফুটবল বিশ্লেষক। এমবাপ্পে-পিএসজি দ্বন্দ্ব যে শুধু মাঠের বাইরেই নয়, এবার তা গড়াচ্ছে আদালতের দরজায়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *