আজ বিরল ঘটনার সাক্ষী হচ্ছে পবিত্র কাবা

বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরবের পবিত্র মক্কা নগরী। বুধবার (১৫ জুলাই) নির্দিষ্ট সময়ে সূর্য ঠিক কাবা শরিফের ওপর অবস্থান করবে। বছরে এমন ঘটনা মাত্র দুবার ঘটে। বিশেষজ্ঞদের মতে, এই বিরল মুহূর্তটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিবলার দিক নির্ভুলভাবে যাচাই করার অন্যতম প্রাকৃতিক ও নির্ভরযোগ্য সুযোগ।

মঙ্গলবার (১৪ জুলাই) গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মক্কার স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য ঠিক কাবার ওপর অবস্থান করবে। ওই মুহূর্তে সূর্য প্রায় ৯০ ডিগ্রি কোণে খাড়াভাবে অবস্থান করায় এটি একটি গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, পৃথিবীর যেসব অঞ্চলে তখন সূর্য দৃশ্যমান থাকবে, সেখান থেকে সূর্যের দিক হবে সরাসরি কাবার দিকে। ফলে কোনো খাড়া বস্তুর ছায়া কিবলার ঠিক বিপরীত দিকে পড়বে।

এ কারণে নির্ধারিত সময়ে সমতল স্থানে একটি খাড়া বস্তু স্থাপন করে তার ছায়ার বিপরীত দিক অনুসরণ করলে সহজেই কিবলার সঠিক দিক নির্ণয় করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গালফ নিউজের তথ্য অনুযায়ী, মক্কা থেকে দূরের দেশ ও অঞ্চলে বসবাসকারীদের জন্য এই পদ্ধতি বিশেষভাবে কার্যকর। একই সঙ্গে জেদ্দার মতো কাছাকাছি শহরগুলোতেও বিদ্যমান কিবলার দিক সঠিক রয়েছে কি না, তা যাচাই করার জন্য এই প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।

মাজেদ আবু জাহরা আরও বলেন, সূর্যের আপাত অবস্থান ও মক্কার অক্ষাংশের বিশেষ সামঞ্জস্যের ফলেই এ ঘটনা ঘটে। জ্যোতির্বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই প্রাকৃতিক ঘটনাকে নির্ভরযোগ্য উপায়ে কিবলার দিক নির্ধারণের একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *