সিলেট: বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে তরুণ ছাত্র ও যুব সমাজের অগ্রণী ভূমিকার প্রশংসা করেছেন প্রখ্যাত ইসলামিক স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, “২৪-এর রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে তরুণরাই প্রমাণ করেছে যে আমাদের লাল-সবুজের পতাকা তাদের হাতে নিরাপদ।”
শনিবার রাতে সিলেট এমসি কলেজ মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিনে তিনি এ কথা বলেন।
মাওলানা আজহারী তরুণদের কুরআন-হাদীসের আলোয় আলোকিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। কুরআনের আলোয় আলোকিত হলে দেশ, জাতি ও সমাজ উপকৃত হবে। ইসলাম হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবনের শিক্ষা কেবল আমাদের জন্য নয়, পুরো মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে।”
তাফসীর পেশকালে তিনি আরও বলেন, “মানুষকে সচেতন করাই দ্বীনের দায়িদের কাজ। একটি মাহফিলে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে একটি রাজনৈতিক দলের বন্ধুগণের বিতর্ক ছড়িয়ে দেওয়া বাক-স্বাধীনতার পরিপন্থী। অথচ আমি কোনো দলের নাম উল্লেখ করিনি। এসব বিতর্ক ভুলে আমাদের সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।”
সমালোচকদের উদ্দেশে মাওলানা আজহারী বলেন, “যারা আমাদের নিয়ে হিংসা করেন, সমালোচনা করেন, আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের স্লোগান হচ্ছে—হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এটাই ইসলামের সুমহান শিক্ষা।”
মাহফিলে লাখো মানুষ উপস্থিত থেকে তার তাফসীর শোনেন। মাহফিল শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
