ঢাবির জহুরুল হক হলে ধূমপান ও মাদক সেবনে কঠোর নিষেধাজ্ঞা: প্রকাশ্যে ধরা পড়লে জরিমানা ও বহিষ্কারছবিঃ সংগৃহীত

স্টাফ রিপোর্টার | মুক্তবাংলা নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান ও মাদক সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে হল কর্তৃপক্ষ। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এখন থেকে হলে প্রকাশ্যে ধূমপান করলে শিক্ষার্থীদের অর্থদণ্ড এবং মাদক সেবন বা সংরক্ষণে প্রমাণ পাওয়া গেলে অভিভাবক ডেকে বহিষ্কার করা হবে।

হল কর্তৃপক্ষের জারিকৃত নোটিশে উল্লেখ করা হয়—হলের অভ্যন্তরে প্রকাশ্যে ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত শিক্ষার্থীকে সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করা হবে।

একই সঙ্গে মাদক সেবনের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে বলা হয়—ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যেকোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে তার অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।

নোটিশে আরও বলা হয়, “হল প্রাঙ্গণে একটি সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।” পাশাপাশি, সকল শিক্ষার্থীকে নিয়মাবলি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং হলের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এই সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও, কিছু শিক্ষার্থী মনে করছেন—এ ধরনের পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে পর্যাপ্ত সচেতনতা ও ধারাবাহিক মনিটরিং প্রয়োজন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *