সিলেট-গাছবাড়ি-কানাইঘাট ও জকিগঞ্জ শেওলা রোডের সংস্কার দাবিতে সিলেটে সংবাদ সম্মেলন

মুক্তবাংলা নিউজ ডেস্ক | সিলেট | ২৩ মে ২০২৫

সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়ানো সিলেট-গাছবাড়ি-কানাইঘাট বুরহান উদ্দিন রোড এবং জকিগঞ্জ শেওলা রোডের পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কানাইঘাট-জকিগঞ্জ উন্নয়ন ফোরাম।

বৃহস্পতিবার (২৩ মে) সিলেটে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দুই উপজেলার এই গুরুত্বপূর্ণ সড়কদ্বয় বহু বছর আগে সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মাধ্যমে চারদলীয় জোট সরকারের আমলে পাকাকরণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুই উপজেলার লাখো মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন।

ফোরামের আহ্বায়ক ও জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান সূচনা বক্তব্যে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছি। সরকারের কাছে আমাদের দাবি যৌক্তিক ও অত্যন্ত জরুরি।”

মূল বক্তব্যে ফোরামের যুগ্ম আহ্বায়ক উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার জানান,

  • ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে সিলেট বিভাগীয় প্রধান প্রকৌশলীর সঙ্গে বৈঠকে সংস্কারের আশ্বাস পাওয়া যায়।
  • ২৯ এপ্রিল ২০২৫ তারিখে কানাইঘাট ও গাছবাড়িতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
  • ৩০ এপ্রিল ২০২৫ জকিগঞ্জের মাসুম বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
  • সর্বশেষ ১৮ মে ২০২৫ তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। তিনি দ্রুত সংস্কার কাজ শুরু করার আশ্বাস দেন।

বক্তারা আরো বলেন, “আমরা যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করবো। তবে প্রতিশ্রুত সময়ে কাজ শুরু না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম আহ্বায়ক জনাব বদরুল আমীন হারুন, সদস্য সচিব মাওলানা মাশুক আহমদ, নির্বাহী সদস্য মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আব্দুল করিম, মাওলানা কামাল উদ্দিন, মাষ্টার ফয়সল আহমদ, সরওয়ার হোসাইন, এডভোকেট আব্দুল হাফিজ, এডভোকেট মাহবুবুর রহমান, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা জুবায়ের আহমদ ইউসুফ আবিদুর রহমানসহ আরও অনেকে।

উল্লেখ্য, সিলেট-৫ আসনের জনগণ দীর্ঘদিন ধরে এই দুটি গুরুত্বপূর্ণ রোডের সংস্কার দাবি করে আসছেন। স্থানীয় জনগণের দাবি, দ্রুত কাজ শুরু না হলে এই আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *