ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট-ইউকে’র উদ্যোগে ফ্রি সেলাই প্রশিক্ষণ কোর্স: সমাপ্ত হলো প্রথম ব্যাচ, উদ্বোধন দ্বিতীয় ব্যাচের

সুনামগঞ্জ প্রতিনিধি: ছাতক উপজেলার যুব ও নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের প্রয়াসে ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট-ইউকে এর অর্থায়ন ও বাস্তবায়নে পরিচালিত ফ্রি সেলাই প্রশিক্ষণ কোর্স ২০২৫-এর প্রথম ব্যাচের সমাপনী ও দ্বিতীয় ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ মে ২০২৫ শনিবার দক্ষিণ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে ট্রাস্টের কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ ছাতক বাস্তবায়ন কমিটির সভাপতি জনাব আ ন ম ওয়াহিদ কনা মিয়া এবং সঞ্চালনায় ছিলেন কোর্সের সমন্বয়ক জনাব আলাছ উদ্দিন

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট-ইউকে’র সভাপতি জনাব আলহাজ জামাল উদ্দিন মকদ্দুছ। বক্তব্যে তিনি বলেন,

“আমাদের উদ্দেশ্য শুধু প্রশিক্ষণ নয়, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। এই প্রশিক্ষণের মাধ্যমে একজন নারী শুধু নিজের পরিবারের জন্য নয়, সমাজের জন্যও অবদান রাখতে সক্ষম হবেন। আমরা চাই, ছাতকের প্রতিটি ঘরে একটি করে প্রশিক্ষিত হাত গড়ে উঠুক।”

শুভেচ্ছা বক্তব্যে কোর্স কো-অর্ডিনেটর জনাব নজরুল ইসলাম বলেন,

“প্রথম ব্যাচের সাফল্য আমাদের অনুপ্রাণিত করেছে। ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ২৮ জন সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন। আমরা তাদের প্রত্যেককে সেলাই মেশিন, সার্টিফিকেট ও  সম্মানী প্রদান করেছি যাতে তারা এই শিক্ষাকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক সমিতি সিলেট-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব ছাদিকুর রহমান ছাদিক। তিনি বলেন,

“দেশে কর্মসংস্থানের চেয়ে বেকারের সংখ্যা অনেক বেশি। তাই এমন প্রশিক্ষণ মানুষকে আত্মনির্ভর করে তোলে। এ ধরনের উদ্যোগ দেশে-বিদেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।”

ছাতক সমিতি সিলেট-এর সহ-সভাপতি জনাব দবির মিয়া তার বক্তব্যে বলেন,

“আমরা এমন একটি সময় পার করছি, যেখানে শুধু শিক্ষার সার্টিফিকেট দিয়ে জীবন চলবে না, দরকার বাস্তব দক্ষতা। এই ধরনের প্রশিক্ষণই মানুষকে সেই বাস্তব জগতে প্রবেশ করতে সাহায্য করে।”

তারেক ট্রাভেলস সিলেট-এর চেয়ারম্যান জনাব এ টি এম তারেক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন,

“আপনারা আজ যা শিখছেন, তা ভবিষ্যতের পুঁজি। এই শিক্ষা একদিন আপনাদের পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে কাজে আসবে। কেউ যদি উদ্যোগ নেয়, আমরা পাশে থাকবো।”

প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থী মোছাঃ সুজিনা বেগম এক আবেগঘন বক্তব্যে বলেন,

“এই প্রশিক্ষণ আমাকে নতুন জীবন দিয়েছে। আগে আমি জানতাম না কীভাবে পরিবারের পাশে দাঁড়াবো, এখন আমি নিজেই একটি আয় উপার্জনের পথ পেয়েছি। আমি ট্রাস্ট এবং সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাই।”

প্রশিক্ষণের প্রথম ব্যাচ শুরু হয় ২৫ জানুয়ারি এবং শেষ হয় ২৫ এপ্রিল ২০২৫। মেয়াদ ছিল ৩ মাস। কোর্সে অংশগ্রহণকারী ৩০ জনের মধ্যে ২৮ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। সমাপনী দিনে উত্তীর্ণদের মাঝে সেলাই মেশিন, প্রশংসাপত্র ও সম্মানী অর্থ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব আব্দুর রহিম, জনাব আব্দুল কাদির, জনাব জয়নাল উদ্দিন সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, যুব প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকগণ।

এছাড়া একই অনুষ্ঠানে দ্বিতীয় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এতে ৩০ জন নতুন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। ক্লাস শুরু হবে ৬ মে ২০২৫ থেকে।

স্থানীয়রা জানান, এ ধরণের প্রকল্প নারীদের আত্মকর্মসংস্থানে ভূমিকা রাখবে। বক্তারা ছাতক উপজেলা এডুকেশন ট্রাস্ট-ইউকে এবং স্থানীয় বাস্তবায়ন কমিটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *